Skip to content

আপনারে আপনি চিনে নে

  • by

বিদ্যুত ভাই, এতদিনে বুঝলাম, আপনে আসলে মুক্তমনা। না রে ভাই, এখনো কত কত সংস্কার আমার মনে বাসা বেঁধে বসে আছে। আমি মন নামক যন্ত্রণা হতে মুক্ত না। আমারও একটা মন আছে। সেটা গত দশ বছর ধরে বাঁধা পড়ে আছে গিন্নী নিটোলের আঁচলে। আবার মন যে আছে, সেটা বুঝি যখন বৃষ্টি নামে আকাশ কালো করে। মন আজও কেমন কেমন করে। তাহলে মন হতে মুক্ত হলাম কী করে?

বুঝলাম, তাইলে আপনে নারীবাদি। না জনাব, আমি নারীকে বাদী হিসেবে দেখি না। তাকে পুরুষের যোগ্য সঙ্গী হিসেবেই দেখি। আরও বলি, নারীকে বাদ দিয়ে কোনো কিছু ভাবার সমর্থকও আমি নই। তাহলে আমি নারী বাদি হলাম কী করে?

ওহ, তাইলে আপনে ধর্মনিরপেক্ষ। তাও না জনাব। আমি ’নিরপেক্ষ’নামের কোনো ধর্মের অনুসারী না। আমার অনুসৃত ধর্মের নাম ‘ইসলাম’। ক্যান, গত একবছর ধরে মাঝে মধ্যেই যখন আমি একটা মায়াময় পরিবেশের মসজিদ খুঁজে যাচ্ছি, তখন আপনি একটা মসজিদও তো সাজেষ্ট করেননি। আমি কারো ওপর ধর্ম চাপিয়ে দেবারও পক্ষে নই। নিজে সব আকাম কুকাম করে সামাজিক মাধ্যমে ধর্মের সামান্যতম জ্ঞান নিজে ধারন না করে কালেকটেড নলেজ নিয়ে হম্বিতম্বি ও আহাউহু করার পক্ষে নই। আবার ধর্মের বন্ধন হতে উর্দ্ধে চলে যাবারও পক্ষে নই।

বুচছি, আপনে আসলে সুশীল। ক্যামনে কী ভাইজান? সুন্দর, সুমন্দ্র, সুভদ্র কোনো কিছুই তো আমি আমার মধ্যে খুঁজে পাই না। তার ওপর, আমি তো পেশায় শীলই না। একজন বেসরকারী গার্মেন্টস কর্মী। তো তায় আবার সু ও শীল।

তাইলে কি আপনে আপোষকামী? তাও তো মনে হয় না। শপিংকে হ্যা বলানোর কত চেষ্টা নিটোল করল। আপোষ করলাম না। গো.আযমকে পেন্নাম করানোর কত চেষ্টা দেইল্লা রাজাকার সেই ছোট্টকাল হতে করল। তাও তো আপোষ করলাম না। আমি আপোষকামী ক্যামনে? যান, আর কইতে হইব না, আপনে নিচ্চই সুবিধাবাদী। কী যে বলেন? এই বেবুশ্যে নগরে বিশটা বছর ধরে ঠোক্কর খেতে খেতে নিজের আখের গুছানোর চেষ্টা করে গেলাম। আজও বড় মানুষদের মতো করে কিছুমাত্র সুবিধা করতে পারলাম না, পূর্বাচল কিংবা বসুন্ধরায় এক ছটাক জমিও কিনতে পারলাম না। একটা ব্যাংকের চেকও ম্যানেজ করা গেল না। আর আপনি বলেন, আমি সুবিধাবাদী।

আইচ্ছা, তাইলে আপনেই কন, আপনে আসলে কী? ক্যান ভাই, আমি কী-সেটা কি একটা দ্রষ্টব্য বস্তুু? দেশে বড় বড় মানুষের কি অভাব পড়েছে যে আপনি আমায় নিয়ে পড়লেন?

আর যদি পড়েই থাকেন, তবে শুনুন, আমি একজন কবি, একজন লেখক, একজন গার্মেন্টস কর্মী, একজন যৌক্তিক চিন্তক, একজন রিজনেবল চিন্তক, একজন বিশ্লেষক, একজন নন-জাজমেন্টাল, একজন বেহুজুগে, একজন রসকসহীন, একজন বোরিং, একজন ভ্যবলা পুরুষ। আর আমি অবশ্যই আমার স্ত্রীর স্বামী এবং আমার মায়ের কুসন্তান।

আমার বাখোয়াস টাইপ লেখালিখির সঙ্গে আছি প্রায় এক যুগের কম-বেশি।

মূলত আমি চাকরির বাইরে এই একটা কাজই মোটামুটি পারি ও করি। যদিও এর ওজন খুব কম।

লেখার ধাতে, আমি প্রায় সারমেয় স্বরুপ। তো, এই ক্রমাগত সারমেয়’র মতো লেখা প্রসবের কারনেই হোক, আর খোঁচাখুঁচি টাইপ পোস্টের জন্যই হোক, আমি সোশ্যাল বাজারে বেশ কুখ্যাত। এখন কুখ্যাতিও কিন্তু একটা পরিচীতি। বোদ্ধারা বলেন, নেগেটিভ মার্কেটিং। হবে হয়তো, আমি কি আর অতশত নিকাপড়া জানি।

তো বলছিলাম, লেখালিখির কারনে অনেকে হয়তো আমাকে জানেন। (চেনেন বলব না।) আমাকে দেখা যায় না, আমার লেখা দেখা যায়। আমি সত্যিই টেক্সট ক্রেইজি। ক্রমাগত না লিখলে ভাত হজম হয় না টাইপ।

তো, এই লেখার সুবাদে একতরফা চেনাজানাকে নেটওয়ার্ক বলা যায় না। অনেকেই আমাকে গোপনে চেনেন, দূর হতে চেনেন, বাস্তবে চেনেন না। আমি তো তাদের চেনার প্রশ্নই ওঠে না। আর আমার, ওই যে বললাম, চাকরি ও লেখালিখির বাইরে ক্লাব লাইফ, ক্যাফে লাইফ, কফি লাইফ, সেলফী ও দলফী লাইফ, রিসোর্ট লাইফ, নাইট লাইফ, বয়জ ট্যুর লাইফ, বয়জ মিট লাইফ, কর্পোরেট এনজয়মেন্ট লাইফ এগুলো নেই (নানা কারনে নেই, যেমন খাসলত, অক্ষমতা, টাকার অভাব এসব), সেহেতু আমার পক্ষে অনেককে চেনা ও ব্যক্তিগত পরিচয় থাকা হয় না।

তবুও, কী করে কী করে যেন, অনেকের মনে একটা ধারনা, আমার নেটওয়ার্ক বিশাআআআল। আদতে না। আমার নেটওয়ার্ক খুবই খুবই খুবই সীমিত।

অনেকের বিশ্বাস, আমার প্রচুর জানাশোনা। আদতে না। আমার চেনা যেমন কম, জানার জগত আরও সীমিত। হ্যা, মানুষের ন্যাচার জানা, কোম্পানীর অন্দরের খবর জানা, কর্পোরেটের চরিত্র জানা আর এইচ.আরকে গভীর হতে জানা-সেটা আমার শক্তি বটে।

তো, কেউ কেউ ভুলে পড়েন, মনে করেন, আমি চাইলেই যে কাউকে একটা চাকরি দিতে পারি। আদতে না। আমি কাউকে চাকরি দিতে অক্ষম। ইন ফ্যক্ট, আমি ‘চাকরি দেয়া’ কথাটাতে বিশ্বাসই করি না। আমি কেবল সামান্য যোগসূত্র হতে সক্ষম ও আগ্রহী।

আমার খুব কাছের কয়েকজন সুহৃদের সঙ্গে ক্যজুয়াল আলাপে একটা মজার তথ্য জানতে পেরে ভাবছিলাম বিষয়টা নিয়ে লিখব, নাকি লিখব না। এমনিতে সেল্ফ টেস্টিমনি আমার পছন্দের না। আত্মব্যাখ্যাও না। তাই এটা আত্মব্যাখ্যা ভাববেন না। এটা এক ধরনের হেয়ালি বলা যায়। তো, সেই ক্যাজুয়াল আলাপে ওনারা এটাও বললেন, অনেকে আপনাকে মনে করে খুব মুডি, ভাবিস্ট, পায়াভারী। শুনে হাসতে হাসতে হেঁচকি ওঠে। এগুলো হবার মতো বড় মানুষই তো হই নাই। ভাব আসবেটা কোত্থেকে?

তবে, আরও মজার তথ্য দিলেন একজন। তিনি বললেন, কারো কারো ধারনা, এই যে, আপনি এত প্রশ্ন করেন, জিজ্ঞাসা পোস্ট করেন, কৌতুহল দেখান, আপনি হয়তো খুব কম জানেন, এইচ.আর আর আইনকানুনে আপনি সম্ভবত দুর্বল। সেজন্যই এত সিলি প্রশ্নও করেন। এটা শুনে হাসতে পারিনি। ভেবেছি-সত্যিই কি আমি দুর্বল? হব হয়তো।

তবে, সবচেয়ে হাসির, চিন্তার অথচ মজার তথ্য দিয়েছেন একজন, যার ভাষ্য হল, কারো কারো অনুমান, আপনি বোধহয় ……….স্তিক। এইটা শুনে তিনদিন অজ্ঞান ছিলাম। হুশ ফিরে পেয়েই এই লেখা লিখছি। ভাইরে, মানুষের কল্পনা সাত আসমান ছাড়িয়ে যায় সামান্য লিংকডইন আর হোয়াটসঅ্যাপ পোস্ট পড়েই। ভাউ রে ভাউ! এত বিপুল কল্পনা শক্তির মানুষ যে দেশে থাকে, সে দেশে একটা ভ্যান গগ বা পাবলো নেরুদা কিংবা মোজার্ট কেন পয়দা হয় না?

#selfassessment #myself #mentality ##judgementalattitude #CognitiveBias #ConfirmationBias #inferioritycomplex #SuperiorityComplex #SupremacySyndrome #judgement # perception #personalbeliefs #knowthyself

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *