Skip to content

ভাষা বিভ্রাট: শুদ্ধ ও প্রমিত ভাষার ব্যবহার: ইংরেজিকে না কেন?

  • by

আমরা যদি আমাদের অফিসে, কর্মক্ষেত্রে, সভাসমিতি ও জনসংযোগস্থলে প্রমিত বাংলায় অর্থাৎ বিশুদ্ধ বইয়ের ভাষায় কথা বলি বা বলতে চাই, সেটা কি অতি কল্পনা বা অতি আধুনিকতা বলে পরিগণিত হতে পারে? অথবা শ্রোতারা এটাকে আরোপিত বলে ভাবতে পারেন? তবে আমি সংকল্প করে নিয়েছি, অন্তত অফিসে বা আনুষ্ঠানিক কোনো আয়োজনে এবং অবশ্যই অনলাইনে প্রমিত বাংলায় কথা বলব বা লিখব। সেটা যতই সমালোচনা কুড়াক। আরেকটা ভাবনা। এখন হতে লেখালেখিতে বাংলার মধ্যে কখনো ইংরেজি শব্দ ব্যবহার করব না বলে সংকল্প করেছি।

হ্যা, যেসব বিদেশী শব্দ বাংলায় সুন্দরভাবে প্রোথিত হয়ে গেছে বা বাংলার অংশ হয়ে গেছে, সেগুলোর কথা আলাদা যেমন-টেবিল। তা বাদে অন্য কোনো বিদেশী শব্দ নয়। যদি না ভুলে, বা তাড়াহুড়ায় করে থাকি। সেই সাথে, এখন হতে যখনি কেউ ইংরেজি অক্ষরে বাংলা কথা লিখে পাঠাবে (এই ধরনের: ami ki apnake ekti question ask korte pari?), তাকে অবশ্যই মনে করিয়ে দেব, বাংলা অক্ষরে বাংলা কথা লিখতে কিংবা ইংরেজি অক্ষরে ইংরেজি কথা লিখতে। তবে এর সাথে বাংলা কথা লেখার সময় ইংরেজি শব্দ ব্যবহারকে গুলিয়ে ফেলবেন না।

যেকোনো ভাষাতেই প্রচুর বিদেশী শব্দ ব্যবহার হয়। এটা ভাষার নিয়ম আর এভাবেই ভাষার বিবর্তন/সমৃদ্ধি হয়। স্কুল কলেজে আমরা বিদেশী শব্দসম্ভার নিয়ে একটা আলাদা অধ্যায়ই পড়তাম আর নাকানিচুবানী খেতাম। যেসব শব্দ বাংলা ভাষার শব্দসম্ভারে প্রোথিত হয়ে গেছে বা মানিয়ে গেছে বা (বিদেশী ভাষার শব্দরীতি মেনে) বাংলার অংশ হয়ে গেছে-সেগুলোকে অস্বীকার করে বিশুদ্ধ বাংলা শব্দই শুধু ব্যবহার করতে হবে-এমন বিশ্বাসে অবশ্য আমি বিশ্বাস করি না। তারপর শুনুন। আমাদের প্রিয় বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ একটি মাতৃভাষা। একমাত্র বাংলাদেশ ও আসামই বোধহয় সেই স্থান যেখানে ভাষার অধিকারের জন্য সংগ্রাম ও জীবন দিতে হয়েছে।

যারা ইংরেজিতে ভাল নন বলে ইংরেজিতে ইংরেজি লিখতে শরম পান, তারা নির্দিধায় ইংরেজি অক্ষরে ইংরেজি লিখুন। ইংরেজি স্রেফ একটি ভাষা। অফিশিয়াল কাজের বাইরে সেটি কম জানা বা ভুল করা কোনো বড় ব্যাপার না। ইংরেজি পারেন না বলে লজ্জা করে যদি ইংরেজি অক্ষরে বাংলা লেখেন-সেটার চেয়ে বাংলা অক্ষরের জন্য ১৯৫২ তে যারা জীবন দিয়েছেন তাদের অপমান করার লজ্জা কি বেশি নয়? আমরা যদি ইংরেজি অক্ষরেই বাংলা লিখি, তবে কেন ১৯৫২ সনে আমরা প্রাণ দিলাম ভাষার জন্য? আমরা তো তবে উর্দূতেই লিখতে পারতাম। ১৯৫২ তে আমাদের উর্দু অক্ষরে বাংলা কথা লেখার জন্য বাধ্য করার ষড়যন্ত্র হয়েছিল। ৫২’র আন্দোলন শুরুই হয় তার সূত্র ধরে। পাশাপাশি বাংলাকে বাদ দিয়ে কেবলমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র হয়।

আমরা রুখে দিয়েছিলাম সেই ষড়যন্ত্র। তারপরও কি মনে হয় না, ইংরেজি বা হিন্দী অক্ষরে বাংলা ভাষা/কথা লিখলে ভাষা শহীদদের অপমান করা হয়? আর আপনি যদি বলেন, অপমান করতে নয়, কমফোর্টের জন্য আপনি বাংলা কথা ইংরেজি অক্ষরে লেখেন, আর সেটা ভাষার কোনো অপমান হয় না বলে আপনি মনে করেন (যেহেতু আপনি অপমান করার জন্য করেন না) সেই যুক্তিটা এমন হয়ে যায় কিনা দেখুন-আমি আমার মা’কে বললাম, মা কাল থেকে তুমি বৃদ্ধাশ্রমে থাকবে। নাহ, এটা তোমাকে অবহেলা করার জন্য না। তোমার ভাল সেবা ও নিরাপত্তার জন্য করছি।”

আপনি বলতে পারেন, আমি তো তাকে অপমান করার চিন্তা করে না বরং তার ভাল’র জন্য করছি। হ্যা, আপনি সেটা ভাবতে পারেন। কিন্তু সমস্যা হল, আপনি এমনটা ভাবলেও সেটা তার অপমান ও অবহেলাই হবে। আর আমরা আমাদের নিজ নিজ কমফোর্টের জন্য সবাই যদি নিজের মতো করে ভাষাকে নিজের মতো করে ব্যবহার করতে শুরু করি, তাতে একটা সময়ে ভাষার ঠিক কী অবস্থা দাড়াবে বলুন? আর আমরা সবাই যদি ইংরেজি অক্ষরে বাংলা লেখার অভ্যেস করি, আমাদের পরের প্রজন্মও তাই করবে। তার পরিণতি কী? বাংলা বর্ণমালা হারিয়ে যাবে। জানেন তো, ডিশ দেখে দেখে ইতোমধ্যেই আমাদের সন্তানেরা বাংলা শেখার আগে হিন্দী শেখে?

ক্যারিয়ার ও স্ট্যাটাসের স্বার্থে আমরা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ানোয় বাচ্চারা বাংলা বলতে পারে না, বলে না? আমাদের নিজস্ব জীবন মেনে তো ভাষার জীবন বাঁচবে না বা চলবে না। আমি খুব ভালভাবেই পড়তে পারছি। আমার আপত্তিটা পড়তে কষ্ট করার জন্য না। আমি ভাষাটির প্রতি আমাদের দায় নিয়ে চিন্তিত। আর হ্যা, একটু অভ্যেস করলে বাংলা কীপ্যাডে বাংলা লেখা সামান্য দিনের ব্যাপার। তবে আজ কেন ইংরেজি অক্ষরে বাংলা লেখা? অনেকেই বলেন আমি বাংলা টাইপ পারিনা, কিংবা আমার মোবাইলে বাংলা লেখা যায় না। বিজয়, ফোনেটিকস, অভ্র দিয়ে খুব সহজেই বাংলা লেখা যায়। আপনি যেই পদ্ধতিতে এখন ইংরেজি অক্ষরে বাংলা লেখেন, সেই পদ্ধতি না বদলেও অভ্র ব্যবহার করে মোবাইলে বাংলাতেই বাংলা লেখা যায়। আপনাকে কিছুই করতে হবে না নতুন করে। স্রেফ লেখার সফটওয়্যারটি বদলান। তারপর ইংরেজি কীপ্যাডে ইংরেজি অক্ষর চাপবেন। লেখা হবে বাংলা। দেখুন না চেষ্টা করে।

#standardlanguage #alphabet #banglish #linguistics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *