রাশিদা—একজন গার্মেন্টস শ্রমিক।
একজন এটিএম কার্ডধারী ব্যাংক গ্রাহক “তিনি” এই দেশের অসম্ভব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ভিভিআইপি’র উপরে যদি কিছু থাকে তাহলে সেটা। বিশ্বাস হচ্ছেনা? আরেকটু পরে বলি? এই মেয়েটির উপর টিকে আছে আমার মতো গন্ডা গন্ডা তথাকথিত উচ্চশিক্ষিত টপ এক্সিকিউটিভদের রুজি রুটি। এই মেয়েটির উপর নির্ভর করছে এদেশে বিএমডব্লিউ’র বিক্রি এবং বিক্রেতা কোম্পানির টাই বাঁধা ক্যানভাসারদের মাসের বাজারও।
1. এই মেয়েটির সুস্থতার উপর নির্ভর করে একটি পোশাক কারখানার দিনে গড়পড়তা ১৫ পিস, মাসে ৪৫০ পিস, বছরে ৫৪০০ পিস পোশাকের শিপমেন্ট।
2. এই মেয়েটির কারণে ভাত পানির সংস্থান হয় চকচকে তেলতেলে চেহারার ব্যাংক এক্সিকিউটিভদের।
3. এই মেয়েটির জন্য লেইস ফিতাওয়ালাদের চেহারা আজও দেখা সম্ভব হচ্ছে।
4. এই মেয়েটির জন্যই না…..মা, মি…….শু, …….বুল, ……..ন্টুদের মতো মহান শ্রমিক দরদীদের চেহারা মিডিয়াতে দেখানোর সুযোগ হচ্ছে।
5. এই মেয়েটির জন্য অর্থমন্ত্রী প্রতিমাসে রিজার্ভ রেকর্ড করছে—মর্মে সুসংবাদ পরিবেশনের সুযোগ পাচ্ছেন।
6. এই মেয়েটির জন্য আমার মতো নিম্ন মধ্যবিত্তরা লজ্জানিবারণসহ ফুটানি মারার জন্য সস্তায় জিনস খরিদ করিতে পারিতেছে।
7. এই মেয়েটির জন্য টিকিয়া আছে আমাদের ৫০ লক্ষ কর্মীর ও বিলিয়ন বিলিয়ন ডলারের গার্মেন্ট ইন্ডাস্ট্রি।
8. এই মেয়েটির উপর নির্ভর করছে বিজিএমইএ ২০২১ সালের মধ্যে যে ৫০ বিলিয়ন ডলারের অসম্ভব স্বপ্ন দেখছে তার সফল বাস্তবায়ন।
9. এই মেয়েটির উপর ভর করে জন্ম ও জীবন আমাদের মোবাইল ব্যাংকিং, বিকাশ, প্রকাশ, আকাশ, বাতাস, কলা, মূলা, ব্যাঙের ছাতার মতো নানান মানি ট্রান্সফারিং বিজনেসের।
10. এই মেয়েটির জন্যই এদেশে দীপিকা নাইট করার মতো ইকোনমিক পাওয়ার তৈরি হয়েছে।
11. এই মেয়েটির জন্যই ব্যাঙের ছাতার মতো গার্মেন্টস নির্ভর পড়াশোনার প্রাইভেট ইউনিভার্সিটির জন্ম ও বিকাশ।
12. এই মেয়েটির জন্যই গ্রামের হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ নারী-পুরুষ ভাতের খোঁজে শহরে ভিক্ষায় আর আসে না। বরং মেয়ের আয়ে গ্রামে জমিজমা কেনে।
13. এই মেয়েটির জন্যই কমে গেছে দৌলতদিয়া, টান….জার, কান্দু……..তে প্রমোদবালা (মানব আত্মার সবচেয়ে দানবিক অসম্মান) সরবরাহ।
14. এই মেয়েটির জন্যই মিডল ইস্টের শেখ সাহেব রা তাদের লালসা চরিতার্থ করার বাংলাদেশী সাপ্লাইর অবাধ প্রবাহে বাধা পাচ্ছেন।
15. এই মেয়েটির জন্যই বারাক ওবামা, বান কী মুন সাহেবরা আমাদের “গণতন্ত্র” নিয়া তীব্র মনোকষ্টে ভোগেন, ঘনঘন দূত পাঠান যদিও এই রকম দূত সৌদি আরবে আরও বেশি পাঠানো দরকার।
16. এই মেয়েটির জন্যই গায়ে গতরে নাদুস নুদুস অলস শহুরে খালাম্মারা (আপারা ও ভাবীরাও) কাজের মেয়ের অভাবে কিঞ্চিৎ গৃহকর্মের অভ্যাস বজায় রাখিতে পারিয়াছেন। বিধায় তাদের নেলপালিশ কিছুটা নষ্ট হইতেছে। আর তাহাতে আবার নেলপালিশ উৎপাদক হইতে বিক্রেতার পেটে ভাত আসিতেছে।
17. এই মেয়েটির জন্যই শান্তি-শৃঙ্খলা রক্ষার নামে আরো একদল বেকার পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে ইন্ডা…….য়াল পু…..শ নামে। শান্তি রক্ষা না হোক একদল বেকারের তো অন্তত যা হোক হিল্লা হয়েছে।
18. এই মেয়েটির জন্যই আমাদের মহান রাজনৈতিকবৃন্দ ভাত পানি লুঙ্গি গামছার মতো অতি জরুরি বস্তুর দুর্ভিক্ষ হইতে মুক্তি পাইয়া দেশের গণতন্ত্র’র চৌদ্দগুষ্টিকে উদ্ধারের মহান ব্রতে নিয়োজিত হইতে পারিতেছেন।
সবশেষে এই মেয়েটি ও; তারই প্রজাতির এই ওঁচা! নষ্ট! অবহেলিত! পদদলিত! ব্রাত্য গার্মেন্টস শিল্পের আরো; ৪৯ লক্ষ ৯৯ হাজার ৯ শত ৯৯ জন শ্রমিক ও কর্মকর্তার জন্য এই দেশ, এই অধুনা গণতান্ত্রিক দেশ, এই সদ্য উদীয়মান বাঘ খেতাবধারী দেশটি টিকিয়া আছে।
কিভাবে আমি ইহা বলিতেছি? মিয়া, এই মেয়েটি যে শিল্পে কাজ করে দেশের জিডিপিতে তার অবদানের স্ট্যাটিস্টিকগুলা একটু নাড়াচাড়া করুন।
এরপরও কি রাশিদারা এদেশের সবচেয়ে ভিভিআইপি নয়? (কিঞ্চিৎ অতিরঞ্জিত মনে হইলে চাইপা যান। আমিতো আর শরৎচন্দ্র না)
#garments #RMGsector #MadeInBangladesh #GloryOfRMG #PrideOfRMG