জীবিত যাকে কেউ একটা বাসি গোলাপও দেয় না, বিদেহী তাকেই ফুলের বন্যায় ভাসায়। হয়তো এটাই মানুষের নিয়ম। আজ একটু না হয় নিয়ম ভাঙি। একজন জীবিত লিজেন্ডের পদতলে বসি।
কমরেড হালিম। তিনি আমার বড় মামা। ছিলেন না, আছেন। মানুষটিকে ছোটবেলায় পেতাম যমের মতো ভয়। বড় হয়ে পেতাম যমদূতের মতো। আজ তিনি শারিরীক প্রৌঢ়ত্বে। অথচ বিপ্লবের স্বপ্নে মানসিকভাবে আজও যৌবনে।
বরগুনার এক অজপাঁড়া গাঁয়ের এই সাম্যবাদী বা সমাজতান্ত্রীক মহিরুহকে তার জেলায় তো বটেই, গোটা দক্ষিণবঙ্গেই মানুষ কমরেড হালিম নামে চেনে।
আমি রাজনীতি ও রাজনীতিবীদদের অন্তর হতে ঘেন্না করি। যে দলেরই হোক। কিন্তু এই বাম রাজনীতিক সেই রাজনীতিবীদদের তালিকার বাইরে। কত কত মানুষ দেখা হল চার দশকের জীবনে। কত জাতীয় নেতার, মহান নেতার পল্টি খাওয়া, খোলস বদল দেখলাম জীবনে। কমরেড হালিম বদলাননি।
এই সৎ, প্রকৃত দেশপ্রেমিক, নির্লোভ মানুষটি বাংলাদেশে আমার একমাত্র শ্রদ্ধাস্পদ রাজনীতিক। এই বোকা মানুষটিকে একবার দেখেছি, একদম মাটির মানুষদের কাছে গিয়ে, গ্রামের বাজারে কৃষক, জনতার হাতে লিফলেট দিতে, তাদেরকে বাম বিপ্লবে উজ্জিবিত করার নিষ্ফল রক্তঝরা পরিশ্রম করতে। তার ক্লান্তি নেই।
না, তিনি আমার মামা, আত্মীয় বা পরিচীত হিসেবে নন। আমি মানুষের নিজস্ব পরিচয় ব্যতিত সকল ধার করা পরিচয়ের বহু দূরের বিশ্বাসী মানুষ। ইদানিং অনেক রকম বিচ্ছিন্ন অস্থিরতা কুরে কুরে খাচ্ছে। তার মাঝেই আমার মনোজগতের এই লিজেন্ডের একটি ভিডিও দেখে ভুলে যাওয়া কত কি কথা মনে হল। তবে সবচেয়ে আশ্চর্য হল, তার সাথে সম্পর্ক কখনো মামা-ভাগ্নে হয়নি। হয়েছে, এক আদর্শবান মুক্তিযোদ্ধা আর তার বিপরীতে এক বখে যাওয়া বঙ্গসন্তানের সম্পর্ক।
ভাল থাকবেন আমার লিজেন্ড। বিপ্লব হবেই। কোনো না কোনোদিন। আপনি ততদিন আমার জীবিত লিজেন্ড হয়ে থাকবেন। তারপর না হয় বিশ্রাম নেবেন।
[আমরা মানুষেরা অত্যন্ত রহস্যময় প্রজাতি। আমি যা ভাবি, তা বলি না। যা বলি, তা বিশ্বাস করি না, যা বিশ্বাস করি, তা বলতে পারি না। ফলে অনেক কিছু করতে দেরী হয়ে যায়। আর সেই অবসরে অনেক ভুলের জন্ম হয়। এই কথাগুলো বলতে দেরী হয়েছে, তবে খুব দেরী হয়ে যায়নি। আজকেই কেন এই কথাগুলো লিখলাম, তার ব্যখ্যা আমার কাছেও নেই। বিশ্বাস করতে কষ্ট হলেও, ওনার কোনো ছবি আমার কাছে নেই। আর সেলফীতে আমি সমৃদ্ধ না। শুধু অবুঝ ছোটবেলায় আমার নানার গৃহের চৌকাঠে ঝোলানো মার্কস ও এঙ্গেলস এর দুটো বড় ফটোগ্রাফ আজও মাথায় আছে। ওনারাই আমার কমরেড হালিম।]
#tributetofreedomfighters #legendafterdeath #legendarycharacter #communist #socialist #socialism