ঘোর অমানিশার রাত্রির কালো ছোবলে আক্রান্ত প্রোফেশনাল সেক্টরের তৃতীয় বিশ্ব। বুভূক্ষার পথে মৃতপ্রায় তামাম কর্পোরেট জগত। অজ্ঞতা ও অজ্ঞানতার আঁধারে জর্জরিত প্রোফেশনালরা। হাজারো বেকারের চোখে জন্ডিসের হলুদ মৃত্যুডাক। কে তাদের দেখাবে আলো? কে তাদের দেবে আশার বাণী? কে দেবে অমরত্বের সন্ধান? হঠাৎ কর্পোরেট দেবতার করুণা হল। তার মন গলল। (আসলে কক্ষচ্যুত হয়ে দেবতা বহুদিন সমাজচ্যুত ছিলেন কর্পোরেট মহাদেবতার কৃপাদৃষ্টি হতে।) তিনি তার স্বর্গাসন ছেড়ে নেমে এলেন মর্ত্যে। কমন্ডলু হতে তিনি বর্ষন করলেন জ্ঞানের আলো। তার সদা উদ্যত শিরঃচূড়ার মুকুট হতে বিচ্ছুরিত হল ভুড়ি ভুড়ি প্রোফেশনাল জ্ঞানের ছটা। তিনি অজ্ঞানতায় নিমজ্জিত বুভূক্ষু প্রোফেশনাল গোষ্ঠীকে ডুবন্ত অবস্থা হতে উদ্ধার করতে তার নিজস্ব ঔরসে জন্মদান করলেন কিছু প্রোফেশনাল গুরুর।
কিছু গুনমুগ্ধ (আসলে লোটা কম্বলের আশায় মত্ত) কর্পোরেট বৈষ্ণবীও নিলেন। তাদের গর্ভে বীজ বপন করলেন ভবিষ্যত কর্পোরেট দেবদূতদের (দিব্যদানের নাম করে)। দেবতা তার পর্ষদ (যাদেরকে নানা পারিতোষিক আর পদ পোস্টের মূলা দেখিয়ে তিনি নিজ দলে ভিড়িয়েছেন) কে নিয়ে উষর অনুর্বর কর্পোরেট মরুতে নানান রকম জজ্ঞ করলেন, সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনীং, টীম বিল্ডিং, গ্রূমিং ক্যাম্প, বুট ক্যাম্প, ঝুট ক্যাম্প, সর্বস্ব লুট ক্যাম্প কত কী! দেবতার সাঙ্গপাঙ্গরা বলে, বেশ বেশ বেশ। দর্শক বলে আহা আহা।
আবডালে পুরোনো গুরুদেবদের তীব্র রোষ, হিংস্র সহিংস কমেন্ট, ডিসলাইক, প্রোপাগান্ডা গরলের উদগীরন। বুভুক্ষু প্রোফেশনাল পাপী আর বেকার জনগোষ্ঠীকে হ্যামিলনের বাঁশিওলার মতো তিনি পেছনে পেছনে ঘোরালেন কর্পোরেটের সব তীর্থধাম। ক্যারিয়ারের রঙীন স্বপ্নে বিভোর তাদের চক্ষে এঁটে দিলেন একখানা করে লুচি তরকারী (চাকরি)র ম্যাজিক চশমা। মেখে দিলেন গাঢ় চাকরি মলম।
তারা খুশিতে, আশায় বাগবাগ। সর্বত্র কর্পোরেট দেবতার জয়ধ্বনি। দিকে দিকে তার ভক্তকূল বাড়তে বাড়তে ঢেউ লাগল বড় বড় কর্পোরেটে, ইন্টারন্যাশনাল বৃন্দাবনেও। কর্পোরেট মাফিয়া ডনদের কৃপাদৃষ্টি পড়ল তার ওপর। দৃষ্টি নিবদ্ধ হল তার প্রতি। ব্যাস! দেবতার দিব্যদান মিশন শেষ হল। তারপর? বাকিটা ইতিহাস।
কর্পোরেট দেবতা তার আসল লক্ষ্য কাঙ্খিত দেবালয়ে (মুল্টিন্যাশনালে) বুলবুল আগা তথা ঝাড়ুদারের চাকরি নিয়ে চলে গেলেন। তিনি অন্তর্ধান হলেন সদ্য গজিয়ে তোলা আশির্বাদ বিতরন আখড়া হতে। তার উদ্দেশ্য সফল। বাদকদল, পশ্চাৎধাবিনি গরু বা গুরুরা হারালেন যার যার মতো চারণভূমিতে। গুনমুগ্ধ চাকরিপ্রার্থীগোষ্ঠী কর্পোরেট মরুতে আবার আকাশপানে চেয়ে বসে রইলেন। আবার কবে কোন দেবতা আসবেন। তাদের উদ্ধার করবেন। বর্ষন (পড়ুন বিয়োগ) করবেন কিঞ্চিত দিব্য (পড়ুন হলুদ) জল। [দেবতারা আসেন আসলে নিজেদের দেবত্ব উদ্ধারে, স্বার্থের বগলটা বাজাতে। নিজের সদান্যুজ্ব লোলসর্বস্ব খোমাখানা দেখিয়ে সুবিধা বগলদাবা করতে। বুভূক্ষু বেকার জনগোষ্ঠীর নির্বাণ দান তাদের লক্ষ্য কোনোকালেই নয়।]
#corporateoligarch #corporatecult #corporatehooligan #corporateterror #bigshotsincorporate #corporateslavery #corporateexploitation #corporatedeceit #corporatehypocrisy #corporatemockery #pretend #guru #grooming #mentor