চাকরিজীবি প্রফেশনাল, বিশেষত যারা ক্যারিয়ারের বেশ কিছু বছর পার করে ফেলেছেন, তাদের প্রত্যেকের একটি ব্যক্তিগত রেজ্যুমে ব্যাংক থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। সামাজিক দায়বদ্ধতা হতেও, নিজের স্বার্থেও। প্রায়শই আমার নিজের প্রতিষ্ঠানে কর্মী খুঁজতে হয়। নানা বাস্তবতায় উন্মুক্ত মাধ্যমে সেই খোঁজার কাজটি যখন করা যায় না, তখন ব্যক্তিগত নেটওয়ার্কে, রীতিমতো ওয়ান টু ওয়ান মেসেজ দিয়ে রেজ্যুমে ও রেফারেন্স খুঁজি। প্রায় ৯৯% ক্ষেত্রেই রেসপন্স পাই না। বা, তারা রেফারেন্স দিতে পারেন না। যার সবচেয়ে বড় কারন অনিহা এবং, রেজ্যুমে ব্যাংক না থাকা। জব লিংকিংয়ের অনেক বাস্তবতা আছে। তার পরেও আমি মনে করি, ব্যক্তিগত রেজ্যুমে ব্যাংক থাকা খুবই দরকার। অনেকেই আবার প্রায় নিয়মিতই তাদের দরকারে আমার কাছে রেজ্যুমে বা রেফারেন্স খোঁজেন।
আমার নিজস্ব ব্যাংকের সহায়তায় যতটা পারি সাড়া দিই। অনেক সময়ে পারি না-সংগ্রহ না মেলায়। হ্যা, আমি জানি, কারো ব্যাংকে রেজ্যুমে দেয়া আর কাউকে চাহিদার প্রেক্ষিতে রেজ্যুমে সরবরাহ করা-দুটোই ব্যক্তিগত কারিশমা, কোরাম, ফোরাম আর TRPর ওপর নির্ভর করে আজকাল। আমার মতো অখ্যাত ও অভাজনকে কেউ ভরসা করে রেজ্যুমে কেনই বা দেবেন?
আর, চাইলেই কেউ আমার জন্য রেজ্যুমে খুঁজে কেনই বা দেবেন?
তবে, আমি নিশ্চিত, আমাদের প্রায় সবার কাছেই প্রতিদিনই কেউ না কেই চাকরির বিষয়ে সহায়তা চান। সাধ্যমতো সাড়া দিলে লাভ ছাড়া ক্ষতি হবে না। বিট্রেয়ার সব যুগেই সব কাজেই ছিল। তাই বলে কি নবকুমারদের জন্ম হবে না? আমার নিজের ও অন্যের প্রতিষ্ঠানের জন্য অন্তত ডজনখানেক পজিশনের মানুষ এখনো খুঁজছি। সঠিক মানুষটি খুঁজে পেতে আমাকে সহায়তা করতেই পারেন।
কাজটা খুব সহজ। নিজ ল্যাপটপ বা মোবাইলে একটি ফোল্ডার খুলুন। নাম দিন Resume bank । আপনাকে যে কেউ রেজ্যুমে দিক, সেটাকে Re-name করুন এভাবে Zaman_resume_Manager_HR_Admin_10 years_RMG_Pharmaceuticals_Walid [মানে প্রার্থীর নাম>ডকুমেন্টের ধরন>পজিশন>বিভাগ>অভিজ্ঞতা>সেক্টর>রেফারীর নাম] ব্যাস।
ডিজিটালাইজেশন ও AI এর যুগেও কিছু কিছু প্রাচীন পন্থা এখনো বেশ কাজে দেয়।
কিছুদিন আগে আমি লিংকডইনে এরকমই একটি খুব গতানুগতিক ও প্রাচীন ট্রিকস অনুসরন করবার জন্য লিখি। সেটা হল, আমাদের রেজ্যুমে ফাইলটির নাম:
Zaman Ahmed (name)_Manager (position)_HR (dept)_ABC Ltd (company)_FMCG (sector)_DU (Univ)_15 yrs (exp)
-এই ফরম্যাট ফলো করে লিখতে। আর, জব লিংকারদের বলি, কারো ফাইল ডাউনলোড করবার সময় একটু খেয়াল করে ওইভাবেই নামটি রেখে ডাউনলোড নিশ্চিত করতে।
অনেকে ট্রিকসটার ভাল দিক বলেছেন। এক ’ভদ্র’লোক অত্যন্ত অ-ভদ্রভাবে টিটকারী করেছেন।
তো, ভাবলাম, এই বুদ্ধিটা এপ্লাই করবার কথা আমি কেন বলি-সেটাও না হয় বলি।
জব সিকার হিসেবে কখনেো জব লিংকার বা এমপ্লয়ার এইচ.আরের চেয়ারে বসে তার লেন্স দিয়ে বিষয়টা দেখেছেন?
আপনি যখন কাউকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মেইল, গুগল ড্রাইভ লিংক, ড্রপবক্স, বা, যেকোনো প্রকারে একটি রেজ্যুমে দেন, তিনি কী করেন?
তিনি ফাইলটির ওপর ক্লিক করেন। অধিকাংশ ক্ষেত্রে তখন ফাইলটি তার ফোন বা পিসির লোকাল স্টোরেজে ডাউনলোড হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ডিফল্ট ‘ডাউনলোড’ ফোল্ডারে। যদিও আমার ক্ষেত্রে ওটা খুবই সাজানো পথে নির্ধারিত স্থানে জমা হয়।
তারপর কী হয়? তিনি যদি প্রচন্ড অ্যাজাইল হন, তাহলে সেটি তার সুপার প্ল্যানড রেজ্যুমে ব্যাংকে জমা করেন। যখন দরকার হয়, সেখান হতে খুঁজে নিয়ে কাউকে রেফার করেন।
আর অধিকাংশই কিছুই করেন না। ওই জমা হওয়ার ফোল্ডারেই সেটা পড়ে থাকে। আস্তে আস্তে তিনি ভুলে যান, সেটা কোথায় আছে, বা, কোথায় একটা দারুন রেজ্যুমে আছে।
তারপর, বহুদিন পর, কেউ একজন তার কাছে ঠিক ওরকমই একটা প্রোফাইল চান। তিনি মনে করার চেষ্টা করেন, যে, তার কাছে ওরকম কারো প্রোফাইল আছে কিনা। মনে পড়ে না। আবার পড়লেও, সেটা কোথায় ছিল মনে পড়ে না। আপনাকে ফোন করে, মেসেজ দিয়ে সেটা আবার নেবেন-এই চান্স খুব ক্ষীন। ফলে আপনার সুযোগটা নষ্ট হয়।
অথচ, ওই ফরম্যাটে রেজ্যুমে দিলে আর তিনি সেটা সেভাবেই সেভ করলে, সেটা যেখানেই থাক, তিনি কাঙ্খিত অভিজ্ঞতা, বা, বিভাগ, বা, সাবজেক্ট, সেক্টর বা ব্যক্তির নাম-যেটার কীওয়ার্ডই তার পিসির সার্চ বক্সে দিয়ে সার্চ দিন, আপনার রেজ্যুমেটা চট করে সামনে আসার চান্স অনেক বেশি।
বুঝলেন? মূলত খুঁজে পাবার ও খোঁজে থাকার লেভারেজ নিতে দিতেই ওই ট্রিকসটা এপ্লাই করবার কথা বলি। আপনার পছন্দ না হলে ইগনোর করুন। হয়ে গেল।
কেউ রেজ্যুমে দিলে এভাবে সামান্য কষ্ট করে রি-নেম করে ফোল্ডারে ফেলে রাখুন। কেউ রেজ্যুমে চাইলে, বা নিজের প্রতিষ্ঠানে দরকার হলে ওই ফোল্ডারে ঢুকে কী-বোর্ডে টাইপ করুন-Control+F, যে রকম কাজের রেজ্যুমে দরকার, সেটি সার্চ বক্সে লিখুন, পেয়ে যাবেন বিনা আয়াসে।
ড্রাগ করে যার দরকার, তার Viber/Whatsapp/Messenger এ দিয়ে দিন। শেষ। আপনার রেজ্যুমে দিয়ে রাখতে পারেন। আপনার কাছে চাকরির খবর থাকলে তাও জানাতে পারেন।
আমি কোনো তালেবর নই। তবে, আপনার বাড়তি আরেকটি নিরব লিংক তো হতেই পারি।
#ResumeBank #joblinking #employment #talentmarket